Header Ads

Header ADS

বাংলাদেশে অনলাইন কোর্স: সুবিধা ও অসুবিধা


গতানুগতিক ক্লাসরুমের বাইরে দেশে অনলাইন কোর্স কালচার একটা ভালো অবস্থার দিকে যাচ্ছে, বিশেষ করে তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে। অনলাইনে বেশ ভালো ভালো কিছু কোর্স বা টিউটোরিয়াল তৈরি হচ্ছে। ইংরেজিতে এই সব কন্টেন্ট প্রচুর ছিল, বাংলাতেও ছাড়া ছাড়া ভাবে কিছু পাওয়া যেত, কিন্তু এখন বেশ প্রস্তুতি নিয়ে যত্ন করে বানানো হচ্ছে টিউটোরিয়ালগুলো।

নির্মাতারা এখন ভালো ভিডিও কোয়ালিটি, ভালো ভয়েস কোয়ালিটি, উন্নত হার্ডওয়্যার -এর দিকে মনোযোগী হয়েছে। অনেক নামকরা ডেভেলপার/প্রোগ্রামার, যাদের কথা আমরা পত্র-পত্রিকায় পড়তাম, ধরা-ছোঁয়ার বাইরে মনে হতো যেসব লিজেন্ডদের, এখন অনলাইন ভিডিও টিউটোরিয়াল-এর বদৌলতে তাঁদের কাছে থেকে সরাসরি শেখা যাচ্ছে তো বটেই, বরং তাঁদের কাজের কোয়ালিটি এবং তাদের সমপর্যায়ের জ্ঞান-অভিজ্ঞতার স্বাদ আমরা অর্জন করতে পারছি একদম ঘরে বসে যে কেউ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে।

অনলাইনে কোর্স করার যে সুবিধাগুলো আমরা অনুভব করেছি তা হলো -

১. একবার কোন কোর্সে এনরোল করলে লাইফ-টাইম অ্যাকসেস থাকে, অতএব যে কোন সময় চাইলেই বারবার একটা টপিক দেখে নেয়া যায়, যা প্রচলিত বা অফলাইন ট্রেইনিংয়ে কখনোই সম্ভব না। প্রচলিত ট্রেইনিং-এ কোর্স শেষ হওয়ার পর আবারও কোন টপিক জানার বা বোঝার প্রয়োজন হলে সেই কোর্সের ট্রেইনার বা প্রতিষ্ঠানের মায়াদয়ার উপর নির্ভর করতে হবে, কিন্তু অনলাইন ট্রেইনিংয়ে আপনি যতবার খুশি যখন খুশি সেই টপিকটি দেখে নিতে পারবেন।

২. কোন সমস্যায় পড়লে কোর্স রিলেটেড সাপোর্ট/গ্রুপ/ফোরামে ইন্সট্রাকটরের সাথে সাথে অন্য অনেকেরই সাহায্য পাওয়া যায়।

৩. শুধু ঢোল বাজিয়ে পয়সা নিয়ে যাওয়া না (যেমন ঘরে বসে ইনকাম করার প্রলোভন বা ফ্রিল্যান্সিং করে টাকা পরিশোধ, ইত্যাদি) বরং মাতৃভাষায় বিশ্বমানের ট্রেইনিং এবং নামকরা সব ট্রেইনারদের সাহচর্য পাওয়া যায়। তবে এক্ষেত্রে ভালো কোর্স কোনটা সেটা পপুলারিটি ও রেটিং দেখে বুঝে নিতে হবে।

৪. বেসিক/প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট নলেজ তৈরি করার মতো জ্ঞান ইউটিউবেই পাওয়া সম্ভব। এক্ষেত্রে খরচ বলতে ইন্টারনেটের বিল ছাড়া আলাদা কোন কোর্স ফি এখানে লাগছে না। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেইনিং বা কোর্সের নামে যা শেখানো হয় আমি দেখেছি তার ৮০-৯০ ভাগ রিসোর্স আপনি অনলাইনে / ইউটিউবে ফ্রিতেই পেয়ে যাবেন, এমনকি বেশিই পাবেন। যদি আপনি সত্যিই শেখার ব্যপারে আগ্রহী হয়ে থাকেন তো শুরু করার জন্য এই রিসোর্সগুলোই যথেষ্ট।

৫. ইচ্ছামতো ও সুবিধাজনক সময়ে ঘরে বসে শেখার সুবিধা।

৬. প্রাতিষ্ঠানিক গতানুগতিক ট্রেইনিংয়ের তুলনায় খরচ কম।

৭. ঢাকায় অনেক ভালো ভালো কোর্স হয়ে যায়, ঢাকার বাইরে থাকার ফলে কোর্স  করা হয় না এমন আফসোস অনেকেরই আছে। বুঝতেই পারছেন, সেই একই কোর্স যদি অনলাইনে হয়, বস পাবলিকদেরকে হাতের মুঠোয় পাওয়া যায়, তো কি হুলুস্থুল একটা কান্ড!

অনলাইনে শেখার অবশ্য কিছু অসুবিধাও আছে, যেমন:

১. এখনো আমাদের দেশে ইন্টারনেটের স্পিড ও স্পিডের সাথে জড়িত দাম অনলাইন বসে বসে ভিডিও বা সিনেমা দেখার মতো না। শুধু শহরাঞ্চলের কথা ভাবলে তো হলো না, গ্রামাঞ্চলেরও অনেকে আছেন যারা এই কোর্সগুলো করেন বা করতে আগ্রহী। কিন্তু ইন্টারনেট-এর স্পিড ও দাম তাদের জন্য একটা বড় ইস্যু।

তবে এক্ষেত্রে কোর্স ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন, যদি ডাউনলোড করা যায়। এটা কয়েকজন বন্ধু মিলেও করতে পারেন, খরচ আরও কমে যাবে, একসাথে শেখার মজাও পাওয়া যাবে। তবে এটা শুধু ফ্রি কন্টেন্টগুলোর ক্ষেত্রে করবেন। কপিরাইটেড বা পেইড কন্টেন্ট এভাবে না ব্যবহার করাই সমীচিন।

২. কখনো কখনো একজন মেন্টর/অভিজ্ঞ বড় ভাই নিকট থেকে হাতে-কলমে দেখে নেয়ার প্রয়োজন হয়ে পড়ে। এটা অনলাইনে পাওয়া যাবে না। যদিও সাপোর্ট গ্রুপ/ফোরাম থাকে, তবে সেখানে সাধারণত সমস্যা লিখে বোঝাতে হয়। এই সঠিকভাবে সমস্যা বোঝাতে পারাটাই অনেক সময় সমাধানের চেয়েও কঠিন কাজ হয়ে দাঁড়ায় অনেকের কাছে।

৩. ভিডিও পাইরেসি। একবার কপি বা ডাউনলোড হয়ে গেলে পয়সা খরচ করে কে আর সেই কোর্স করবে?!? অতএব ভালো একটা উদ্যোগ অচিরেই মাঠে মারা যাবে।

৪. যারা শেখার চেয়ে বেশি সার্টিফিকেটের জন্য ট্রেইনিং করেন, তারা অনলাইনে সার্টিফিকেট পাবেন না হয়তো। তবে এখন অনলাইন ট্রেইনিংয়ে সার্টিফিকেটও দেয়ার ব্যবস্থা হচ্ছে। তবে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সে ব্যপারে আমি নিশ্চিত নই।

বর্তমানে বিশ্বব্যাপী অনলাইন কোর্সের জোয়ার না, বলা যায় সুনামি চলছে। এর কারণ অবশ্যই এর সহজলভ্যতা ও সহজবোধ্যতা। বাংলাদেশেও টেকনোলজি বিষয়ক বাংলা কন্টেন্টের ভান্ডার বড় ও সহজলভ্য হচ্ছে। এটা তো স্বীকার করতেই হবে যে জ্ঞান চর্চায় মাতৃভাষা হচ্ছে সবচেয়ে সহজবোধ্য মাধ্যম।

অনলাইন কোর্সের ব্যপারে আরও জানতে চাইলে টেন মিনিট স্কুলের এই পোস্টটি দেখে নিতে পারেন-

ঘরে বসেই শিখতে চাও? অনলাইন কোর্সে জেনে নাও!

কোন মন্তব্য নেই

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.